ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে লাগা আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে হোটেল ‘শিখা ইন’-এ লাগা আগুনে এ পর্যন্ত নয়জন মারা গেছেন, আহত হয়েছেন ছয়জন। নিহতদের পাঁচজন বাংলাদেশি।
বুধবার সকালে এ ঘটনায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলের পোস্টে শোকবার্তা দেন নরেন্দ্র মোদী। পোস্টে নরেন্দ্র মোদী লেখেন: ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।’


