ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ইতোমধ্যে শনিবার ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যেখানে রাখা হয়েছে চার অনভিষিক্ত ক্রিকেটার আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও গাজী ঘোরি।
এই নতুন চার ক্রিকেটারের সাথে কোচিং প্যানেলেও বদল এনেছে পিসিবি। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে করা হয়েছে টেস্ট দলের প্রধান কোচ। সাবেক ক্রিকেটার আসাদ শফিক থাকছেন ব্যাটিং কোচের দায়িত্বে, পেস বোলিং কোচ উমর গুল।
দল ঘোষণার বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, বাংলাদেশ সিরিজের আগে ২৭ এপ্রিল থেকে করাচিতে শুরু হবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প, চলবে ১ মে পর্যন্ত। এরপর ২ মে পুরো দল রওনা হবে বাংলাদেশের উদ্দেশ্যে।
৮ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
পাকিস্তান টেস্ট স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুহাম্মদ গাজী ঘোরি , নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।


