রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুইটি পরিচয়পত্র কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররকৃতরা হলেন মো. রাকিব, মো. রাশেদুল হাওলাদার, মো. জুবায়ের ইসলাম ও বিজয় সরকার ওরফে ডেভিড।
মঙ্গলবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির পরিকল্পনার বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ।
ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই বাসায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে ঘটনার আগের দিন দলটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকা রেকি করে যায়।
বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে ডিবি গুলশান বিভাগের বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ছয় সদস্যের ওই ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাকিবের নামে ১০টি এবং বিজয়ের নামে ৬টি রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলেও জানান ডিবি প্রধান। পলাতক দুই ডাকাত সদস্যদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি।


