সাভারে সিটিটিসির অভিযান: জেএমবির লিফলেট, ১৪ বোমাসহ আটক ১

সাভারে সিটিটিসির অভিযান: জেএমবির লিফলেট, ১৪ বোমাসহ আটক ১
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাভারের হেমায়েতপুরে একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ১৪টি পাইপ বোমা ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) লিফলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় সিটিটিসি, সাভার মডেল থানা-পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন ভবনটি চারদিক থেকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। রাত ১০টার দিকে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দল ওই ভবনে আনুষ্ঠানিকভাবে মূল অভিযান শুরু করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, কিছুদিন আগে এই এলাকা থেকে পাঁচটি ককটেলসহ এক ব্যক্তিকে আটক করে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই বাড়ির সন্ধান মেলে। অভিযানে আটকের সময় বহনকারী ব্যাগ থেকে পাঁচটি এবং পরবর্তীতে ঘরের ভেতর থেকে আরও নয়টিসহ মোট ১৪টি শক্তিশালী পাইপ বোমা, বোমা তৈরির উপাদান ও জেএমবির প্রচারপত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এ ঘটনার পেছনে জেএমবির সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে সাধারণ পরিবার সেজে বাড়িটিতে ভাড়া উঠেছিলেন ওই ব্যক্তি। বাড়ির মালিকের মেয়ে ইলমা জানান, গত ২ আগস্ট আব্বাস আলী নামে এক ব্যক্তি পরিবার নিয়ে থাকার কথা বলে ও পেশায় ড্রাইভার পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন। ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করানোর কথা বলায় সাধারণ ভাড়াটে হিসেবে তাদের কাছে ঘর ভাড়া দেওয়া হয়েছিল। ভেতরে এসব অপকর্ম চলছিল তা বাড়ির লোকজন জানতেন না।

এর আগে, গত ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানে ফেলে রাখা ব্যাগ থেকে একটি বোমা উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছিল সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad