ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় পুলিশ ও মাদ্রাসাছাত্রসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডায় পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, মাদ্রাসাছাত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে রাতে পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি অনুষ্ঠানস্থল থেকে চলে যাওয়ার পরও অনুষ্ঠান চলছিল।
এ সময় উচ্চস্বরে গান বাজানোয় দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে তাদের সঙ্গে পুলিশের তর্কবিতর্ক হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, বুধবার তাদের পরীক্ষা থাকায় উচ্চস্বরে গান বাজানোয় পড়াশোনায় সমস্যা হচ্ছিল। প্রথমে কয়েকজন গিয়ে শব্দ কমানোর অনুরোধ করলেও পরে আবার শব্দ বাড়ানো হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বলে তাদের অভিযোগ। তারা ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


