সাতক্ষীরার চন্দনপুর-কলারোয়ার গ্রামীণ ব্যাংক শাখার ১৯৩ গ্রাহকের নয় লাখ টাকা আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলায় ৩০ বছর করে সাজা দিয়েছে খুলনার বিভাগীয় স্পেশাল আদালত। একই মামলায় অপর এক আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের বিচারক মো. আদীব আলী বুধবার দুপুরে এ রায় ঘোষণার সময় কোনো আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের পাবলিক প্রসিকিউটর মো. মোফাককার হোসেন মনি জানান, সাজাপ্রাপ্ত আসামিরা হলেন–গ্রামীণ ব্যাংকের সাতক্ষীরা জেলার চন্দনপুর-কলারোয়া শাখার সাবেক কর্মকর্তা ইনছার আলী, মমতাজ পারভিন, রনেশ বিশ্বাস ও রুনা লায়লা।
তাদের মধ্যে ২০১৪ সালের ৩০ মে করা মামলায় প্রথম তিনজনের দুটি ধারায় ১৫ বছরের সাজা হয়েছে। এ মামলায় ১২৬ জন গ্রাহকের পাঁচ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অপরাধে সাজা দেওয়া হয়। একই তারিখ আরেকটি মামলায় দণ্ডপ্রাপ্ত রমেশ বিশ্বাস ও ইনছার আলীসহ রুনা লায়লার দুটি ধারায় আরও ১৫ বছর করে সাজা হয়েছে। এ মামলায় ৬৭ জন গ্রাহকের তিন লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের দায়ে এ সাজা দেওয়া হয়।
দুটি মামলায় আত্মসাৎ করা টাকার সমপরিমাণ অর্থ আসামিদের জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছর করে সাজার আদেশ দেওয়া হয়। দুটি মামলার বাদী দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল।


