কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি ও তাদের সাড়ে ৩ বছর বয়সী সন্তানসহ চারজন নিহত হয়েছেন। বুধবার ভোরে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ড হয়।
কলকাতা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
নিহত কুষ্টিয়ার চারজন হলেন-কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার সাংবাদিক দেবাশিস দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শারমিন (২৫), তাদের সাড়ে ৩ বছর বয়সী ছেলে শর্ণশিষ দত্ত এবং শ্বশুর কুষ্টিয়া শহরের থানাপাড়ার মো. আকরাম আলী (৬৪)।
নিহত দেবাশিস দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে গত ৩ আগস্ট স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে কলকাতায় যান দেবাশিস দত্ত। সেখানে অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ভ্রমণ ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন তথ্য ও ছবি প্রকাশ করেন। একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘টানা ১৩ দিন পর বেঙ্গালুরু বাই বাই…..’
এরপর কলকাতায় গিয়ে একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। বুধবার ভোররাতে ওই হোটেলে আগুন লাগে। সেখানেই স্ত্রী-সন্তানসহ প্রাণ হারান তিনি।
দেবাশিস দত্তের এক ছেলে ও এক মেয়ে। তার ৮ বছর বয়সী মেয়ে মহিমা দত্ত ওরফে পাখিকে কুষ্টিয়ায় তার মা-বাবার কাছে রেখে স্ত্রী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।


