সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হামলা চালায় হুতিরা। এরপর থেকে এ রুটে মাত্র একটি ফ্লাইট পরিচালনা করেছে বিমান।
যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। সংস্থাটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, বাড়তি ফ্লাইট আগামী ৪ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।
এদিকে ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


