অং সান সু চির সঙ্গে রেডক্রসের কর্মকর্তার সাক্ষাৎ

অং সান সু চির সঙ্গে রেডক্রসের কর্মকর্তার সাক্ষাৎ
নেপিদোতে রেড ক্রসের প্রতিনিধি আরনো দ্য বেকের সঙ্গে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

মিয়ানমারের বন্দী সাবেক নেত্রী অং সান সু চির সঙ্গে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধি সাক্ষাৎ করেছেন।

নোবেল শান্তি পুরস্কারজয়ী ৮১ বছর বয়সী সু চির স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে কয়েক বছর ধরে চলা প্রশ্নের পর সোমবার এ সাক্ষাতের খবর দেন মিয়ানমার সরকারের এক মুখপাত্র।

সু চির নেতৃত্বাধীন রাজনৈতিক দল মিয়ানমারের সাধারণ নির্বাচনে জয়লাভ করার কিছুদিনের মধ্যে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় নির্বাচিত বেসামরিক সরকার। এরপর থেকে কারাগারে থাকলেও সু চি বর্তমানে রাজধানী নেপিদোতে গৃহবন্দি আছেন বলে ধারণা করা হয়।

তবে কোনো বিদেশি নেতা বা দূত প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় তার অবস্থান ও স্বাস্থ্যের অবস্থা নির্ধারণ করা কঠিন হয়ে আছে বলে জানিয়েছে রয়টার্স।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মিয়ানমার সরকারের মুখপাত্র খাইন খাইন সো জানান, সোমবার রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) আবাসিক প্রতিনিধি আর্নো দ ব্যাক রাজধানী নেপিদোতে সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন

কী কারণে ব্যাক সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন, তা জানা যায়নি। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে আইসিআরসি সাড়া দেয়নি।

মিয়ানমার সরকারের মুখপাত্র তার টেলিগ্রাম বার্তার সঙ্গে চারটি ছবি প্রকাশ করেছেন। এর দুটি ছবিতে ঐতিহ্যবাহী বার্মিজ পোশাক পরা সু চিকে ব্যাকের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। তারা যে কক্ষে বসে কথা বলছিলেন, সেটি কাঠের প্যানেল দিয়ে মোড়ানো। সেখানে আসবাব বলতে ছিল দুটি কাঠের চেয়ার ও একটি ছোট টেবিল।

আরেকটি ছবিতে সু চিকে তার নাম লেখা একটি জন্মদিনের কেক কাটতে দেখা গেছে। ছবিটিতে তার বাসস্থান বলে মনে হওয়া একটি কক্ষের বিরল দৃশ্যও দেখা যায়। সেখানে একটি পোশাকের র‌্যাক ও জিনিসপত্র রাখার বাক্স রয়েছে।

চতুর্থ ছবিতে কেকটির পূর্ণাঙ্গ চিত্র দেখা গেছে। কেকে লেখা রয়েছে, ‘শুভ জন্মদিন আন্টি সু ১৯.৬.২০২৬’।

রয়টার্স স্বাধীনভাবে বৈঠকের স্থান ও ছবিগুলো কবে তোলা হয়েছে, তা যাচাই করতে পারেনি। সোমবারের আগে এসব ছবির কোনোটিই অনলাইনে খুঁজে পাওয়া যায়নি।

মিয়ানমারের বিরোধীদলীয় ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) মুখপাত্র নে ফোন লে জানিয়েছেন, সোমবারের বৈঠকের বিষয়ে তারা আইসিআরসির নিশ্চিতকরণের অপেক্ষায় আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad