দীর্ঘ বিরতির পর আবারও অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন আরিফিন শুভ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘মালিক’। সম্প্রতি সিনেমাটির প্রচারণায় অংশ নিয়ে নিজের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেতা।
অনুষ্ঠানের শুরুতেই সিনেমার একটি সংলাপ উদ্ধৃত করে শুভ বলেন, ‘কি ভাবছিলি, মইরা গেছি? মরি নাই।’
সিনেমায় বন্দুক ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অ্যানিমেল’-এর পর বিভিন্ন সিনেমায় ভারী অস্ত্রের ব্যবহার বেড়েছে, আর ‘মালিক’-এ তিনি যেন সেই ধারার ‘১৬ কলা পূর্ণ’ করেছেন। রসিকতার সুরে শুভ বলেন, এরপর হয়তো আর এমনভাবে মেশিনগান ব্যবহার করতে দেখা যাবে না।
ঈদে সিনেমাটি মুক্তি নিয়ে আশাবাদী এই অভিনেতা বলেন, ‘মালিক’ এমন একটি ছবি, যা পুরো পরিবার একসঙ্গে উপভোগ করতে পারবে। তিনি আরও জানান, সিনেমাটির সাফল্যের কৃতিত্ব একা নিতে চান না; বরং পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অ্যাকশন ঘরানায় ফেরা প্রসঙ্গে শুভ বলেন, দর্শকরা তাকে মূলত অ্যাকশন চরিত্রেই বেশি পছন্দ করেন। তাই এই সিনেমা নিয়ে তিনি একইসঙ্গে উচ্ছ্বসিত, নার্ভাস এবং আত্মবিশ্বাসী। তার ভাষায়, দেশ-বিদেশের অনেক দক্ষ শিল্পী ও টেকনিশিয়ান সিনেমাটির সঙ্গে যুক্ত থাকায় ‘মালিক’ নিয়ে সবার প্রত্যাশাও অনেক বেশি।
অনুষ্ঠানে পরিচালক সাইফ চন্দনের অনুপস্থিতি নিয়েও কথা বলেন শুভ। তিনি জানান, পরিচালক বর্তমানে ভারতে পোস্ট-প্রোডাকশনের কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যুক্ত হতে পারেননি।
কোরবানির ঈদে সিনেমা মুক্তির প্রসঙ্গে শুভ বলেন, রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে দর্শকরা কিছুটা সময় নিয়ে হলে আসেন। ফলে সিনেমার প্রচারণার জন্য বাড়তি সময় পাওয়া যায়, যা ‘মালিক’-এর জন্য ইতিবাচক হবে বলেও মনে করেন তিনি।


