ফিলিস্তিনের পক্ষে মঞ্চে বক্তব্য দেওয়ার কারণে র্যাপার ম্যাকলামোরকে এড শিরানের ‘লুপ’ ট্যুর থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে একে একে ট্যুর ছেড়ে দিয়েছেন চার সহশিল্পী ও শিরানের ব্যাকিং ব্যান্ড।
শিরানের ট্যুরে নভেম্বরে দক্ষিণ আমেরিকার ছয়টি অনুষ্ঠানে উদ্বোধনী পরিবেশনার কথা ছিল গায়ক ফিনিয়াসের। মঙ্গলবার বিকালে তিনি ট্যুর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগে শিরান ইনস্টাগ্রামে এক দীর্ঘ বিবৃতিতে জানান, ফিলিস্তিনপন্থী বক্তব্যের কারণে ম্যাকলামোরকে ট্যুর থেকে সরিয়ে দিতে কয়েকটি ভেন্যুর মালিকের পক্ষ থেকে চাপ এসেছিল।
৪ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দেওয়া প্রায় দুই মিনিটের বক্তব্যে ম্যাকলামোর গাজা ও ‘অধিকৃত পশ্চিম তীরের’ মানুষের কথা উল্লেখ করে বলেন, তিনি তাদের ভুলে যাননি। বক্তব্যের একপর্যায়ে তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানও দেন। এরপর ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল ম্যাকলামোরকে ট্যুর থেকে সরানোর দাবিতে একটি পিটিশন চালু করে। কয়েকটি ভেন্যুর মালিকও তার অংশগ্রহণের বিরোধিতা করেন। তাদের মধ্যে ছিলেন নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক ও ইসরায়েলের অন্যতম দাতা রবার্ট ক্র্যাফট।
ট্যুর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফিনিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শিল্পীরা নিপীড়িত মানুষের পক্ষে কথা বললে তাদের কণ্ঠ রোধ করা উচিত নয়।’ তিনি আরও জানান, তিনি ফিলিস্তিন ও ফিলিস্তিনি জনগণের পাশে আছেন।
এর আগে ট্যুর ছাড়ার ঘোষণা দেন আইরিশ গায়ক অ্যারন রো। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় শিরানের হয়ে পরিবেশন করেছিলেন তিনি। উত্তর আমেরিকায় ট্যুরের বাকি ১০টি অনুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা ছিল।
রো বলেন, শিরান তার বন্ধু এবং তার জীবন বদলে দিয়েছেন। তবে একজন আইরিশ হিসেবে গণহত্যা, জোরপূর্বক দুর্ভিক্ষ ও সহিংস দখলদারত্বের ইতিহাস তারা ভালোভাবেই জানেন। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং শিশু হত্যার বিষয় তুলে ধরে কথা বলা শিল্পীদের কণ্ঠ রোধে তিনি নীরব থাকতে পারবেন না বলেও জানান।
এরপর শিরানের ব্যাকিং ব্যান্ড হিসেবে কাজ করা আইরিশ ব্যান্ড বেওগাও যুক্তরাষ্ট্রের ট্যুর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তারা ম্যাকলামোরকে ‘জায়নিস্ট লবির’ মাধ্যমে নীরব করার প্রতিবাদ জানায়। একই সঙ্গে শিরানের সঙ্গে ১০ বছরের বন্ধুত্বের কথা উল্লেখ করে তারা জানায়, ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে সংলাপের মাধ্যমে অগ্রসর হওয়ার পক্ষে তারা।
মঙ্গলবার বিকালে ট্যুর থেকে সরে দাঁড়ায় ডেনিশ পপ ব্যান্ড লুকাস গ্রাহামও। ব্যান্ডটির প্রধান গায়ক লুকাস ফোরহ্যামার বলেন, যুদ্ধ, বেসামরিক মানুষ হত্যা ও শিশুদের বেড়ে ওঠার অধিকার নিয়ে কথা বলার সুযোগ সবার থাকা উচিত। অর্থ বা সম্পদ কারও কথা বলার অধিকার নির্ধারণ করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শিরান জানান, ক্র্যাফটসহ কয়েকটি স্টেডিয়ামের মালিক ম্যাকলামোরকে উদ্বোধনী শিল্পী হিসেবে রাখা হলে তাদের ভেন্যুতে ট্যুর আয়োজনের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। শিরান বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত এবং উভয় পক্ষের মানুষের দুঃখ ও দুর্দশা তাকে গভীরভাবে ব্যথিত করে। তবে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা সফল হয়নি এবং ভেন্যু মালিক ও আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল।
শিরান স্পষ্ট করে বলেন, ম্যাকলামোরকে ট্যুর থেকে সরানোর সিদ্ধান্ত তার নয়, আয়োজকদের। ভক্তদের পরিকল্পনা এবং ট্যুরের সঙ্গে যুক্ত কর্মী ও অন্য শিল্পীদের জীবিকার কথা বিবেচনায় নিয়ে তিনি ট্যুর বাতিল করেননি বলেও জানান।
এদিকে ম্যাকলামোরকে ট্যুর থেকে সরানোর ঘটনায় আরও কয়েকজন রাজনীতিক ও শিল্পী প্রতিবাদ জানিয়েছেন। শিশুদের শিক্ষামূলক কনটেন্ট নির্মাতা ও ইউটিউব তারকা মিস র্যাচেলও সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাকলামোরের প্রতি সমর্থন জানান। গায়িকা কেহলানিও তাকে সমর্থন করে মন্তব্য করেছেন।
অন্যদিকে ক্র্যাফট তার এক বিবৃতিতে ম্যাকলামোরকে জিলেট স্টেডিয়ামে পরিবেশনের অনুমতি না দেওয়ার বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, ম্যাকলামোরের সাম্প্রতিক কর্মকাণ্ডের পাশাপাশি তার ইহুদি সম্প্রদায়ের কাছে গভীরভাবে আপত্তিকর ও কষ্টদায়ক ‘ইহুদিবিদ্বেষী বক্তব্য ও প্রতীকী উপস্থাপনাও’ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। তবে শান্তি, মানুষের দুর্ভোগের অবসান এবং সব ধরনের ঘৃণার অবসান; শেষ পর্যন্ত সবার লক্ষ্য একই বলেও মন্তব্য করেন তিনি।


