কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল পারভেজ মিয়া (৩০) ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার অভিযানে রওনা দেয়। পথিমধ্যে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক সড়কের পাশে গাড়িটি থামিয়ে হাওয়া দিচ্ছিলেন।
এ সময় পিছন দিক থেকে আসা ধানের খোসা বোঝাই একটি মালবাহী ট্রাক একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয় জনতা ও অন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের নিচে চাপা পড়া কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপের চাকায় হাওয়া নেওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


