বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা ঋণ দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি–এ রকম দেশগুলোতে যাবেন, বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে প্রধানমন্ত্রী ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘সেটা আমাদের মন্ত্রণালয়ের একটা ব্যাংক আছে–প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।’
প্রতিমন্ত্রী নুর বলেন, ‘আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের ফলে আমাদের কী ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে ধরেন, মিডল ইস্টে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেস্ট্রয় করা হয়েছে, এগুলো আবার রিবিল্ড করতে হবে।’
‘ওখানে আশা করি যে, আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বরং আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে।’
নুর বলেন, ‘সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে। ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে।’
‘জাপানে এক লাখ লোক পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকার থেকে একটা এমওইউ হয়েছে, সেটাকে কীভাবে ত্বরান্বিত করা যায়, জাপানসহ ইউরোপে কীভাবে আমরা লোক পাঠাতে পারি–এসব বিষয় নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ইউরোপের বেশ কিছু দেশের ভিসা করার জন্য ইন্ডিয়া যেতে হয়। তো এটা নিয়ে প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে, তাদের পারসু করে বাংলাদেশে তাদের একটা অফিস বা কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য তাদেরকে অনুরোধ করা। এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে।’
‘কিছু দেশ এরই মধ্যে এখানে কনস্যুলার সেবা দিচ্ছে। বাকি দেশগুলো যেন এখানে নিশ্চিত করে এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’
তারেক রহমানের সভাপতিত্বে এ সভায় ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।


