বরিশালের গৌরনদীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো রমজান হাওলাদার (৩) ও মোহাম্মদ মৃধা (৩)। তারা দুজন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
স্থানীয়রা জানিয়েছে, ঈদের পরদিন রোববার সকালে শিশুদের মা আয়শা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়।
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন জানান, হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


