যাত্রীবাহী লঞ্চে এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়লে জরুরি সেবা নম্বরে কল পেয়ে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড।
সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত রোববার ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-১৩’ লঞ্চটি রাত সাড় ১১টার দিকে চাঁদপুরের আনন্দ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার ভাই কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল করে সাহায্য চান।
সংবাদ পেয়ে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছায় এবং অসুস্থ যাত্রীকে জরুরি প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়।
পরবর্তীকালে রোগীর উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটযোগে তাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের নিজস্ব তত্ত্বাবধানে সিএনজিযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


