সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের পার্বত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদ্র ঋণের কিস্তি ১ মাসের জন্য স্থগিত ও সুদ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন একথা জানান।
শুক্রবার বান্দরবান জেলার রোয়াংছড়িতে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এই কিস্তি ও সুদ মওকুফের মেয়াদ আরও বাড়ানো যায় কি না- সরকার সে বিষয়ে চিন্তা-ভাবনা করছে।’
প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীজতলা তৈরি করে চারা উত্তোলন ও তাদেরকে প্রয়োজনীয় চারা, বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ দিয়ে আবার ঘুরে দাঁড় করানো হবে। তবে সব ধরনের সহায়তা ও কৃষি উপকরণ বিতরণের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে।
মীর হেলাল বলেন, উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে। বিএনপি নেতারা এই কমিটিকে সহযোগিতা করবে।
এর আগে শুক্রবার সকালে তিনি জেলা সদরের বিএইচডিসি রেস্ট হাউজে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।


