আ.লীগ বিতর্কের মুখে জবির ডিনের পদ ছাড়লেন আইনুল

আ.লীগ বিতর্কের মুখে জবির ডিনের পদ ছাড়লেন আইনুল
আইনুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভের কয়েক দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের পদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম।

রোববার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই দিন নৃবিজ্ঞান বিভাগের শাওলী মাহবুবকে নতুন ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আইনুল ইসলাম বলেন, ‘এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ডিন হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগ করেছি।’

পদত্যাগে তাকে বাধ্য করা হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলুন। এর বাইরে আমি কিছু বলতে চাই না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইছ উদ্দীন বলেন, আইনুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে আইনুল ইসলামকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১২ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায়, গত বৃহস্পতিবার অর্থনীতি বিভাগের নিজ কক্ষ থেকে তাকে বের করে দেন একদল শিক্ষার্থী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আইনুল ইসলাম আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে গণভবনে বৈঠকে অংশ নেন।

এ ছাড়া পরদিন নীল দলের ব্যানারে আয়োজিত মানববন্ধনেও তিনি অংশ নেন। এসব অভিযোগ তুলে তাকে ডিন হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

আইনুল ইসলাম এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি এবং নীল দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকাকালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের ১১ আগস্ট তিনি ওই পদ থেকেও পদত্যাগ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর