জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে জাবির স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীর নাম মো. এহসানুল হক। তিনি ঢাবির উর্দু বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, এদিন জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ নম্বর শিফটে অংশগ্রহণের সময় স্কুল অ্যান্ড কলেজ ভবনের ৪০২ নম্বর কক্ষে তাকে সন্দেহজনকভাবে শনাক্ত করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি অন্য একজনের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন। পরে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আসল পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন রাফিদ হোসেন সাজিদ নামে এক শিক্ষার্থী। পরে জাবির প্রক্টরিয়াল বডি স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামনে থেকে তাকেও আটক করা হয়েছে।
জাবির প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এহসানুল হক স্বীকার করেন, তিনি সাজিদের হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছেন।


