৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অধিকার নিয়ে কথা বলতে ও প্রতিবাদ করতে পারছেন, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
রোববার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তি ইবি শাখার আয়োজিত ‘জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছিল জীবনের ঝুঁকি নেওয়ার শামিল। ৫ আগস্টের পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা এখন নিজের অধিকার নিয়ে সরব হতে পারছেন, যা ইতিবাচক।’
তিনি বলেন, জাতীয় ছাত্রশক্তি কখনো হল দখলের রাজনীতিতে জড়াবে না। কেউ এমন চেষ্টা করলে সংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করবেন। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পাসে নির্যাতন, বাকস্বাধীনতা হরণ ও ভয়ের পরিবেশ যেন আর ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানান আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সাহাবুদ্দিন চুপ্পু বিভিন্ন অনিয়ম ও সাংবিধানিক বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। এসব অভিযোগের তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।


