কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের রহমতপুর এলাকায় পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে সেলিম উদ্দিন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম উদ্দিন ঝিলংজা এলাকার বাসিন্দা।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সকালে স্থানীয় বাসিন্দা মো. নিজাম উদ্দিন পাহাড় কাটার জন্য কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। দুপুরের দিকে শ্রমিকরা পাহাড় কাটার সময় মাটির একটি বড় অংশ আকস্মিকভাবে ধসে পড়ে। এতে সেলিম উদ্দিনসহ তিন শ্রমিক মাটিচাপা পড়েন।
পরে ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা মাটি সরিয়ে তাদের উদ্ধার করে। আহত অবস্থায় তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
আরও পড়ুন: কক্সবাজারে মাটিচাপায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে পাহাড়ের মাটি কাটতে গিয়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। যারা পাহাড় কেটে এই ঘটনাটি ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


