ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা ও ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানিয়েছেন, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতাল নেওয়া হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


