জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মো. সোহেল রানাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। এ সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ সম্মানী এবং প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এ ছাড়া ট্রেজারার হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুসারে ভাইস চ্যান্সেলর তার ওপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নিয়োগ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় বাতিল করতে পারবেন।


