নানা কর্মসূচিতে জাবিতে বিজয় দিবস উদযাপন

নানা কর্মসূচিতে জাবিতে বিজয় দিবস উদযাপন
জাকসুর বিজয় র‌্যালি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্ববিদ্যালয় প্রশাসন, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর ৬টা ৩৩ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে জাকসুর নেতা ও প্রশাসনের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১০টায় জাকসুর উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের চৌরঙ্গী থেকে শুরু হয়ে র‍্যালিটি সমাজবিজ্ঞান অনুষদে গিয়ে শেষ হয়। ব্যানার, জাতীয় পতাকা, বাঁশি ও ব্যান্ডের অংশগ্রহণে র‍্যালিতে জাকসুর নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা। ছবি: টাইমস

এ সময় উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘বিজয় দিবস আমাদের মুক্তি, স্বাধীনতা ও জাতি হিসেবে আত্মপরিচয়ের গর্বের দিন।’ তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা, ঐক্য বজায় রাখা এবং বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ‘সবার আগে দেশ ও আপামর জনসাধারণের কল্যাণ ব্রতই হোক মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।’

দিবসটি উপলক্ষে জাকসুর উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সাড়ে সাত কিলোমিটার ‘বিজয় দিবস দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও পড়ুন

সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে বেগম সুফিয়া কামাল হল ৫–৩ গোলে নওয়াব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বিজয় দিবসে সাইকেল র‌্যালি। ছবি: টাইমস

বিকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠন আলাদা কর্মসূচি পালন করে। বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রীতিভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ভোর ৪টায় শহীদ মিনার থেকে ঢাকা–আরিচা মহাসড়ক হয়ে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালির আগে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার উদ্যোগে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সঙ্গে জাবি ছাত্রদলের উদ্যোগে গরিব, দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়া ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আচার, তাতের শাড়ি, মিষ্টান্ন, নারীদের জুয়েলারিসহ বিভিন্ন পণ্যের স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad