ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানাধীন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধিনস্ত গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপেরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ডিএনসিসির স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানাবিধ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে এজাজের বক্তব্য জানতে নোটিশ দেওয়া হলেও তিনি দুদক কার্যালয়ে হাজির হননি।
অনুসন্ধানে দুদক জানতে পেরেছে, মোহাম্মদ এজাজ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়ার ঠেকাতেই আদালতে আবেদন করার কথা জানিয়েছে দুদক।


