জামায়াত আমিরের এক্স পোস্ট নিয়ে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

জামায়াত আমিরের এক্স পোস্ট নিয়ে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জামায়াত আমিরের যে পোস্টের প্রতিবাদে এই বিক্ষোভ সেটিকে সাইবার আক্রমণ বলে উল্লেখ করে মাঝরাতেই থানায় সাধারণ ডায়রি করেছে দলটি।

সকালে সংবাদ সম্মেলন করে দলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকালে শফিকুর রহমানসহ দলটির কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম দাবি করেন, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে।

তবে এরপরেও ওই পোস্টের বক্তব্যের জের ধরে বিক্ষোভ করেছে ছাত্রদল।

মিছিলে সম্মুখসারিতে ছিলেন ছাত্রদলের নারী নেতাকর্মীরা। ছবি: সৈয়দ মাহমুদুর রহমান/টাইমস

এসময় ছাত্রদল নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’।

আরও পড়ুন

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির একাধিক নেতা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমাদের এই প্রতিবাদের মূল দাবি হল-জামায়াত আমিরকে অবশ্যই নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি তিনি ক্ষমা না চান, তাহলে আমরা আবারও আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে যদি সামান্যতম শক্তিও অর্জন করে, তা কেবল নারী সমাজের জন্যই না বরং দেশের সামগ্রিক ভবিষ্যতের জন্যও হুমকিস্বরূপ।’

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘অনেকে বলছেন তার আইডি হ্যাক হয়েছে। আমরা বলতে চাই, তার আইডি নয়, আসলে তার চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজেই নিজের অবস্থান উন্মোচন করেছেন।’

‘জামায়াত আমির এর আগে তিনবার নির্বাচনে অংশ নিয়ে মোট ৪১ হাজার ভোট পেয়েছেন’ উল্লেখ করে নাসির বলেন, ‘এখন স্পষ্ট হয়ে গেছে, নিজ এলাকার জনগণ তাকে আর গ্রহণ করছে না। সে কারণেই তিনি ঢাকায় এসে ঢাকা-১৫ আসন থেকে নির্বাচন করার চেষ্টা করছেন।’

শনিবার বিকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। ওই মন্তব্যে ‘নারীবিদ্বেষী’ ও ‘অবমাননাকর’ ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad