দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ২৫৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৬৫ জনের।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ২৩ হাজার ১২২ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে, ঢাকায় ৪৮৩, চট্টগ্রামে ২১৬, বরিশালে ২০৫, সিলেটে ১২৩, খুলনায় ৭৫, ময়মনসিংহে ৭৩, রংপুরে ৪২ ও রাজশাহীতে ৩৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ সময়ে ঢাকা বিভাগে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ও রংপুর বিভাগে শনাক্ত হয়েছেন পাঁচজন করে।


