দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮২৭ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০০ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৪৮ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬ হাজার ২৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২৬ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৫৯৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলো থেকে।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩২, খুলনা বিভাগে ২৩১, চট্টগ্রাম বিভাগে ১৯৯, ময়মনসিংহ বিভাগে ১৬১, বরিশাল বিভাগে ৯৩, রাজশাহী বিভাগে ৭২, রংপুর বিভাগে ৭২ এবং সিলেট বিভাগে ১৫ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৯৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় মৃত্যু হয়েছে ৪৫ জনের।
খুলনা বিভাগে ৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪, ময়মনসিংহ বিভাগে ২৬, রাজশাহী বিভাগে ২৬, রংপুর বিভাগে ২৩, চট্টগ্রাম বিভাগে ৩২, বরিশাল বিভাগে ২৬ এবং সিলেট বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে।


