কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একদল ডাকাত সড়কে পেরেক লাগানো গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি করেছে।
ওই সময় ডাকাত দলের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদল বিকাশ কর্মীদের কাছ থেকে ৬০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
রোববার বেলা পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. আরমান (২৪)। এছাড়াও আহত হয়েছেন সাকিব (২১) ও একরাম (২২)। তাদের সকলেরই বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়।
স্থানীয় সূত্র জানিয়েছেন, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে ১৪ নং ব্রীজ এলাকায় পৌছলে ডাকাতদল অস্ত্রের মুখে বাসটির গতিরোধ করে। ওই বাসে বিকাশ কোম্পানির তিনজন বিক্রয় প্রতিনিধি (এসআর) হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে এজেন্টের কাছে টাকা নিয়ে যাচ্ছিলেন।
ওই সময় একজন গুলিবিদ্ধ হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টিম রয়েছে।
দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


