বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর সভাপতি হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ কবির এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. আমিনুল ইসলাম।
বিপিএ-এর ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর ভোটগ্রহণ শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সাভারে অবস্থিত সিআরপি-তে বিপিএ প্রধান কার্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত ফিজিওথেরাপিস্ট সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সশরীরে ভোট প্রদান করেন এবং দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য ছিল অনলাইন ভোটগ্রহণের ব্যবস্থা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার মো. মোস্তফা জামান এবং নির্বাচন কমিশনার বদরুল হাসান চৌধুরী ও ডা. শাহনাজ সুলতানা-এর সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।
এ নির্বাচনে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ নিয়ে মোট ২৭ সদস্যবিশিষ্ট ৯ম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার উন্নয়ন, পেশাজীবীদের অধিকার সংরক্ষণ, শিক্ষা, গবেষণা ও সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে বিপিএ।


