নোয়াখালীর মাইজদী বাজারে ২০১৬ সালে সালিশি বৈঠককে কেন্দ্র করে তিনজনকে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন দুই আসামি।
রোববার দুপুরে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে অনাদায়ে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ মার্চ মাইজদী বাজারে একটি কুকুরকে গোসল করানো নিয়ে রাজীব (২৩) ও সৌরভের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় সন্ধ্যায় সালিশ বসার কথা ছিল।
সন্ধ্যায় রাজীব তার দুই বন্ধু ওয়াসিম (২২) ও ইয়াছিনকে (২৩) নিয়ে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস এলাকায় গেলে তাদের ওপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই রাজীব নিহত হন। ওয়াসিম ও ইয়াছিন চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর মারা যান।
এ ঘটনায় রাজীবের মা কামরুন্নাহার বেগম বাদী হয়ে আটজনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ওমর নাছির সাজু, ওমর শরিফ সুলতান ও সৌরভ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন কুদ্দুস উল্যাহ, ফিরোজ মাহমুদ বাপ্পি ও হারুনুর রশিদ বাবুল।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদ বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’ তিনি জানান, এক আসামি আটক থাকলেও বাকি পাঁচজন পলাতক।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত রাজীবের মা কামরুন্নাহার বলেন, ‘এ রায়ে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি।’


