মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ দেশটির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ব্যক্তির নাম নিত্যানন্দ মালাকার (৩৫)।
বৃহস্পতিবার বিকালে চাতলাপুর স্থলবন্দর দিয়ে মরদেহটি আনুষ্ঠানিকভাবে ভারত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে কুলাউড়া থানা পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে কুলাউড়ার মনু নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের মাধ্যমে জানা যায়, তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকার বাসিন্দা নিত্যানন্দ মালাকার।
পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবি এবং বিএসএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


