জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে কবির সরণিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।’
তিনি ডেঙ্গু প্রতিরোধ সেল পুনর্গঠনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন এবং এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারসহ জাকসুর অন্যান্য নেতারা।


