গণঅভ্যুত্থান-পরবর্তী গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও ক্ষমতার মোহে বিএনপি তা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘জনগণের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটলে রাজপথে তাদের চক্রান্ত নস্যাৎ করা হবে।’
বৃহস্পতিবার বিকাল ৩টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের পাঁচ মাস পার হলেও দেশের মানুষ হতাশ। জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে নির্বাচিত প্রতিনিধিদের সুযোগ না দিয়ে বিএনপি তাদের দলীয় লোকদের বসিয়েছে। এতে প্রমাণিত হয় বিএনপির কাছে দেশ নয়, দলই মুখ্য।
সংবিধান প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সংশোধন’ দিয়ে ফ্যাসিবাদী কাঠামো বদলানো যায় না, তার জন্য প্রয়োজন ‘সংস্কার’।
সেমিনারে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য দেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যসহ দিনাজপুর অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।


