আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকায় সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই দাবিতে ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।
রোববার সন্ধ্যায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আলামিন, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ অক্টোবর শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচি ঢাকার বিভিন্ন স্থানে পালন করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন। পরে ৩০ অক্টোবর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে শাহবাগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়োজিত রাখার সিদ্ধান্তও হয়েছে সভায়।
এ ছাড়া দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী আসনে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে।


