গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত আসিফ মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে ফুটবল খেলা শেষে কয়েকজন বন্ধুর সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামেন আসিফ। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে দুই ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, খবর খেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে যায়। নদীতে স্রোত থাকায় মরদেহ উদ্ধার করতে সময় বেশি লেগেছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


