বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-১২। তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।
র্যাব-১২ সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় র্যাব সদস্যরা তথ্য পান, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। ওই তথ্যের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়।
রাত ৯টার দিকে নম্বরবিহীন একটি যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে র্যাব সেটি থামায়। অটোরিকশার একমাত্র যাত্রী ছিলেন রবিউল তার আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার ব্যাগে ইয়াবা থাকার বিষয়টি তিনি স্বীকার করেন বলে র্যাব সূত্র জানায়।
পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ‘রবিউল উপজেলা ছাত্রদলের সহসভাপতি। কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।


