কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরতে গিয়ে বড়শির সুতা পেঁচিয়ে গড়াই নদীতে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
গড়াই নদীতে মাছ ধরার সময় তীব্র স্রোতে ডিঙি নৌকা উল্টে গেলে বড়শির সুতো পায়ে পেঁচিয়ে যায়। এতে তিনি আর নদীর পানিতে ভেসে উঠতে পারেননি।
সোমবার বিকালে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরিমল মণ্ডল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকালে গড়াই নদীতে মাছ ধরতে নেমেছিলেন পরিমল। টিনের তৈরি ছোট ডিঙি নৌকায় বসে লম্বা সুতায় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিলেন তিনি। একপর্যায়ে স্রোতের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে বড়শির সুতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি পানিতে তলিয়ে যান। এসময় আশপাশের লোকজন নদীতে নেমে তাকে উদ্ধার করে। বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আলম শেখ বলেন, ‘এক জেলে ডিঙি নৌকায় নদীতে মাছ ধরছিলেন। বিকাল ৫টার দিকে হঠাৎ নৌকা উল্টে তিনি পানিতে পড়ে যান। এ সময় তার শরীরে বড়শি পেঁচিয়ে যায়। এ কারণে তিনি আর ওপরে উঠতে পারেননি। পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’
নিহত পরিমলের বাবা মান্য মণ্ডল বলেন, ‘বিকাল ৩টার দিকে ডিঙি নৌকায় করে মাছ ধরতে নদীতে নেমেছিল আমার ছেলে। পরে ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই।‘
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শির সুতো পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।


