দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৭ এবং আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ৪৬৮ জন পুরুষ ও ২৮২ জন নারী। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এরপর বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ৯৬ জন, রাজশাহীতে ৫৭ জন, ময়মনসিংহে ৫৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৪৭ জন, রংপুরে ১৪ জন এবং সিলেটে তিনজন ভর্তি হয়েছেন।
ঢাকা শহরে গত ২৪ ঘণ্টায় ২৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে এ সময়ে মোট ৫২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫৯ জন ডেঙ্গু রোগী। বছরের শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মোট আক্রান্তদের মধ্যে ১৬ হাজার ৭০১ জন পুরুষ এবং ১০ হাজার ৩১৬ জন নারী। বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা, ৩ হাজার ৮১০ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ৩ হাজার ৮০৫ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ৩ হাজার ৬০৯ জন আক্রান্ত হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৪৫ জন নারী। সবচেয়ে বেশি ১৪ জনের মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী মানুষের মধ্যে।
বিভাগভিত্তিক হিসাবে এ পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বরিশালে, ৪ হাজার ৭৫০ জন। এরপর চট্টগ্রামে ৪ হাজার ২৮৫ জন এবং খুলনায় ৩ হাজার ৭৭৩ জন আক্রান্ত হয়েছেন।
মাসভিত্তিক তথ্যেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার চিত্র পাওয়া গেছে। জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে এ পর্যন্ত ১ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


