দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার বিকালে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটের ফলাফল ঘোষণা করেন।
এর আগে, এদিন বেলা ২টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোটগ্রহণের শুরুতে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরেন। এরপর দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সবার প্রথমে ভোট দেন।
এরপর পর্যায়ক্রমে ভোট দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।
ভোটের ফল নিয়ে আজ বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করা হবে এবং শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন সিইসি।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়ান। কিন্তু সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফলে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যভার নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
যেহেতু তিনিই বর্তমান স্পিকার, কাজেই সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর জন্য তাকেই যথাযথ কর্তৃপক্ষ বলে উল্লেখ করেছে আইন মন্ত্রণালয়।
উল্লেখ্য, সংসদে মোট ৩৫০টি আসন থাকলেও এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই। ৩৪৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।
আরও পড়ুন>>>
৫৫ বছরে যত রাষ্ট্রপতি পেয়েছে বাংলাদেশ


