সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুর ঢাকার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে ফুল অর্পণ করেন তিনি। পরে তিনি তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।
এই সময়ে বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। কবর প্রাঙ্গণের চারপাশে নিরাপত্তা বেষ্টনির বাইরে দলের নেতা-কর্মী-সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ করা হয়। সেখানে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। তাকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর এর আগে সবশেষ ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছিল।


