নতুন করে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে সেই এলাকার মানুষের অর্থনীতি ও চাহিদার বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কারণ ছাড়া নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা উচিত না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই শিক্ষক কারা হবেন, কারা পড়বেন, কোন বিষয়ে গবেষণা বা পাঠদানে ফোকাস দেওয়া হবে এসব বিষয় ঠিক করা প্রয়োজন। না হলে তা প্রকৃত অর্থে কোনো বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে না।’
শুক্রবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, ‘নতুন কোনো বিশ্ববিদ্যালয় চালু করতে হলে হয় সবকিছু গুছিয়ে নিয়ে পুরোদমে চালু করতে হবে। কেবল একটি দুটি বিষয় বা অনুষদ খুলে আর কোনে বিশ্ববিদ্যালয় চালু করা উচিত হবে না, বরং বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও পাঠদানের মানোন্নয়নে মনোযোগ দেওয়া প্রয়োজন।’
উচ্চশিক্ষার মূল্যায়নে রেটিংয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের ইকোনোমিক (অর্থনৈতিক) রেটিং গ্লোবালি (বিশ্বব্যাপী) যখন ফল করে, তখন ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। তেমনি শিক্ষার রেটিং ডাউন (হ্রাস) হলেও একটা দেশের ইমেজ (প্রতিচ্ছবি) নেতিবাচক হয়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘ইন্ড্রাস্ট্রি-অ্যাকাডেমি সম্পর্ক কাজে লাগাতে পারিনি আমরা, কিন্ত এখন এটা করতে হবে। ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে প্রবেশ করতে হলে এর কোনো বিকল্প নেই। এ ছাড়াও চাকরির বাজারের সঙ্গে সংশ্লিষ্ট করেও আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপডেট করা হয়নি, কিন্তু এটি করা জরুরি। এ জন্য গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।’
দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথমদিন শুক্রবার অংশ নেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এ সময় তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুসারে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই। শিক্ষার মাধ্যমে শুধু সনদ অর্জন না, শিক্ষার্থীদের মধ্যে সুনাগরিকের গুণাবলী তৈরি করা এবং তাদের কর্মদক্ষতা নিশ্চিত করাকে গুরুত্ব দিচ্ছি এখন আমরা। ন্যায্যতা, সমতা ও সুশাসন নির্ভর সমাজব্যবস্থা নিশ্চিত করতে হলে এসব নিশ্চিত করতে হবে। আমাদের কারিকুলাম আধুনিকায়নে ঘাটতি আছে, একে আমরা আরো বেশি বাস্তবসম্মত করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শর্টকোর্স চালুর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। ‘
এসময় বিশ্ববিদ্যালয়ের ভেতর ইনোভেশন হাব গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজন অনুসারে গবেষণার ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এমনকি প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষার কোর্স চালু করার আহ্বানও জানান প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক এই উপদেষ্টা।
এ সময় ইউজিসি চেয়ারম্যান মামুন আহমদ বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রকৃতপক্ষে কর্মদক্ষ সুনাগরিক গড়ে তোলার কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বছরের শুরুতে যাতে দেশের বিভিন্ন অঞ্চরের প্রথম সারিরর অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালু করা হয় সেই প্রচেষ্টা চলছে। যে এলাকার মানুষের সেসব দেশে যাওয়ায় প্রবনতা বেশি, যেখানে যে ভাষা শেখানোর প্রয়োজন, সেভাবে তৃতীয় ভাষা শেখানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


