রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের উপস্থিতিতেই দর্শক সারিতে থাকা শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা প্রতিবাদ জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন দিক যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেন প্রতিবাদকারীরা। তাদের দাবি, তথ্যচিত্রে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামসহ অন্যান্য সমন্বয়কদের অবদান উপেক্ষা করা হয়েছে।
এ আয়োজনের এক ভিডিওতে দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। এ সময় এক দফার ঘোষক কে এ বিষয়ে মতবিরোধের সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখেন, ‘জনাব তারেক রহমান, এক দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঞ্চে উঠে উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনাদের মধ্যে থেকে যারা বক্তব্য দিতে চান, দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্তভাবে বসুন।’
পরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মঞ্চে এসে বলেন, ‘মুক্তিযুদ্ধকে একপেশেভাবে যেমন আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটি পরিস্থিতি এখানে তৈরি হয়েছে।’
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আবু সাইদ ছিলো এই আন্দোলনের অন্যতম প্রতিচ্ছবি।যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই সেটা কোন ডকুমেন্টারি না।’
এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘ডকুমেন্টারিতে যে অসঙ্গতি আছে, ৩ আগস্টের বিষয়সহ যা যা অসঙ্গতি আছে, সেগুলো আমরা খতিয়ে দেখব।’
পরে আখতার হোসেন আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার সময় একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। বক্তব্য শেষে তিনি রাষ্ট্রপতির অনুমতি নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অডিটোরিয়াম ত্যাগ করেন।


