বরিশালে থ্রি হুইলারের ধাক্কায় শের ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর বিএম কলেজ রোড এলাকার শের ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বুধবার স্কুল ছুটির পরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী চৈতি রাস্তা পার হওয়ার সময় থ্রি হুইলারের ধাক্কায় নিহত হয়। মেডিকেলে নিয়ে গেলেও সেখানে যথাযথ চিকিৎসা দিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়। এরপরই অনতিবিলম্বে স্কুলের সামনে স্পিড ব্রেকার দেওয়া এবং থ্রি হুইলারের চালককে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি শিক্ষার্থীদের দাবী মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় প্রশাসকের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।


