রাজশাহী, বরিশাল ও সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
রামেক হাসপাতালে চার শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০ জনে।
বৃহস্পতিবার বেলা ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত হাম উপসর্গে রামেক হাসপাতালে নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২৪ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৭৯ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ শিশুর মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, মার্চের শুরু থেকে ৯ এপ্রিল পর্যন্ত এই মৃত্যু হয়েছে। এখন প্রতিদিন মৃত্যু বাড়ছে। যাদের অধিকাংশের বয়স ৬ মাসের নিচে। ১ বছরের শিশু মৃত্যুর হার কম।
বরিশালে প্রাণ গেল দুই শিশুর
সারা দেশের মতো বরিশালেও চোখ রাঙাচ্ছে হাম। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুটি শিশুর বয়স ৭ মাস ও ৯ মাস।
শিশুদের একজন ইমাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাসিন্দা, অন্যজন আবু সালেহ বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এপর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে চারজন। চলতি বছরের ৮ এপ্রিল পর্যন্ত বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন শিশু।
এই হাসপাতালে হাম আক্রান্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৯১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৮ জন।
বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭৫১ রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬৯ শিশু। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৭২ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন।
সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু
সিলেট হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মারা যাওয়া শিশুটির বয়স পাঁচ মাস ২১ দিন, তাদের বাড়ি সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায়।
এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুইজনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশুটি জ্বর নিয়ে ৬ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।
এদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ২ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় হামে আক্রান্ত শনাক্ত হয়েছেন।


