জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চট্টগ্রামে আগমনের শতবর্ষ ও তার ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘নজরুল সেমিনার’ আয়োজন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ১০টায় এ সেমিনার শুরু হবে। মঙ্গলবার দুপুরে চবির নজরুল গবেষণা কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রটির পরিচালক অধ্যাপক মুহাম্মদ ফরিদুদ্দিন।
নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন ও উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সাফিকুল ইসলাম।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল গবেষক অধ্যাপক ইরশাদ আহমেদ শাহিন। আলোচক হিসেবে থাকবেন নজরুল গবেষক অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন, চবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাঈদ ও তাসলিমা বেগম।
সংবাদ সম্মেলনে অধ্যাপক মুহাম্মদ ফরিদুদ্দিন বলেন, ১৯২৬ সালে কাজী নজরুল ইসলাম প্রথমবারের মতো চট্টগ্রামে আসেন। চলতি বছর সেই আগমনের ১০০ বছর পূর্ণ হচ্ছে। একই সময়ে কবির ১২৭তম জন্মজয়ন্তীও উদযাপন করা হচ্ছে। এ দুই উপলক্ষে যৌথভাবে সেমিনারের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপউপাচার্যের সহযোগিতায় আয়োজনটি বাস্তবায়িত হচ্ছে।
সেমিনারে নজরুল সপ্তাহ উপলক্ষে আয়োজিত কবিতা, কুইজ ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী তনুশ্রী দাস নজরুলসংগীত পরিবেশন করবেন।


