চবিতে শাটল ট্রেনের লাইভ লোকেশন দেখাবে চাকসুর নতুন অ্যাপ

চবিতে শাটল ট্রেনের লাইভ লোকেশন দেখাবে চাকসুর নতুন অ্যাপ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ অ্যাপের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের শাটল ট্রেনের লাইভ অবস্থান জানার সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে নির্মিত ‘শাটল ট্রেন ট্র্যাকার’ অ্যাপ চালু করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।

উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর, সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, সহসাধারণ সম্পাদক (এজিএস) আয়ুবুর রহমান তৌফিক, সহযোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমানসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আমরা সবসময় চাকসুর পাশে আছি। আজকের দিনটি সত্যিই বিশেষ। চাকসু শিক্ষার্থীদের সুবিধার্থে খুবই উপকারী একটি অ্যাপ ডেভেলপ করেছে, যার নাম দেওয়া হয়েছে “শাটল ট্রেন ট্র্যাকার”। আমি তাদের ধন্যবাদ জানাই, কারণ তারা সম্পূর্ণ ছাত্রকল্যাণমুখী একটি পদক্ষেপ নিয়েছে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যাতে সহজে ট্রেনের অবস্থান লোকেট করতে পারে, সেজন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে। যেসব ডেভেলপার এই দায়িত্ব নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করে বিষয়টিকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি নতুন মাইলফলক হয়ে থাকবে।’

পরে উপাচার্য আনুষ্ঠানিকভাবে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ অ্যাপটির উদ্বোধন ঘোষণা করেন।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘অনেক দিন পর শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত অ্যাপ উদ্বোধন করা হয়েছে। আশা করছি, এর মাধ্যমে শাটলের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শিক্ষার্থীদের সময় অপচয় রোধ হবে। শিক্ষার্থীরা শাটলের লাইভ লোকেশন জানতে পারবে। এই উদ্যোগের জন্য চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘আমাদের ইশতেহারের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল শাটল ট্র্যাকার অ্যাপ চালু করা। তারই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘ পাঁচ মাস চেষ্টা করে এই অ্যাপটির কাজ সম্পন্ন করেছি। আশা করছি, শিক্ষার্থীরা এর মাধ্যমে অনেক উপকৃত হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর