সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং জরিপ শেষে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত এলাকায় জরিপ চলছে। সেই জরিপের ভিত্তিতেই সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, জরিপ শেষ হলে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়া উপজেলার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


