ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করে পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের এফ রহমান হলের ছাত্র ফারহান তানভীর নাসিফ এবং একটি মাইক্রোবাসের চালক রুবেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু ভাস্কর্যের পাদদেশে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ জড়ো হয়ে ব্যানারসহ মিছিল করে। পরে তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ওই স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাসের চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল মোবাইল টিম একটি গাড়ি ও একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে।’
আটক ফারহান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বলে জানিয়েছেন প্রক্টর। তবে তার নাম আগের কোনো তালিকায় ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’


