দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ৮ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
এই দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের অংশ। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ইতোমধ্যে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ, ২০২৫ সালের শ্রীলংকা সফরে।
এদিকে টেস্ট খেলতে পাঁচ বছর পর বাংলাদেশে আসছে পাকিস্তান। সর্বশেষ ২০২১ সালে পাকিস্তানকে আথিতেয়তা দিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজের ফলাফল অভস্য পাকিস্তানের পক্ষেই গিয়েছিল। তবে লাল বলের ক্রিকেটে দুই দলের সর্বশেষ দেখা ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে। স্মরণীয় সেই সফরে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।
পাকিস্তান সিরিজের পরপরই ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল সাদা বলের ক্রিকেটে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে ঘুচবে ১৫ বছরের অপেক্ষা। সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অজিরা। সেবার ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর দুই দফায় ২০১৭ সালে টেস্ট ও ২০২১ সালে টি-টোয়েন্টি খেলতে সফর করেছে, তবে ওয়ানডে খেলা হয়নি।


