যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে সাত সপ্তাহ বন্ধ থাকার পর আকাশপথ আংশিকভাবে খুলে দিয়েছে ইরান। বেসামরিক বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ছয়টি বিমানবন্দর।
দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার বরাতে বার্তা সংস্থা এপি জানায়, পূর্ব ইরানের আকাশপথ শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ফের চালু করা হয়েছে।
নতুন করে চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোও পুনরায় চালু হয়েছে।
দেশটির তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, বিমান সংস্থাগুলো শিগগিরই দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে।
রাষ্ট্রায়ত্ত ‘ইরান’ পত্রিকার খবরে বলা হয়েছে, ধীরে ধীরে ইরানের প্রায় সব বিমানবন্দরে ফ্লাইট চালু হবে। যেসব বিমানবন্দর যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও সংস্কার শেষে খুলে দেওয়া হবে। তবে এর কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করার পর থেকেই দেশটির আকাশপথ বন্ধ ছিল। ওয়াশিংটন-তেহরানের মধ্যে দুই দপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়া হলো।


